এফডিসিতে কাঞ্চনের আহ্বান

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২:৫৪ এএম

শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে চলমান জটিলতায় বিরক্ত নবনির্বাচিত সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে শ্যুটিং শুরু হতে যাওয়া ‘ট্র্যাপ’ নামে একটি সিনেমার জন্য শুভকামনা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে দ্বন্দ্বের কি অবসান হবে? এমন প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটা আমি বলতে পারব না। এ নিয়ে আমি বিরক্ত। আমার মনে হয়েছিল, কেন আসলাম এখানে! পদত্যাগ করার মতো চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না।’ তিনি বলেন, ‘সবকিছুরই তো সমাধান আছে। ভালোবাসা, আচরণ এগুলো দিয়ে অনেক কিছু জয় করা যায়।’ গণমাধ্যম ও চলচ্চিত্রের মানুষদের উদ্দেশে এ অভিনেতা বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এ ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সবার প্রতি আমার এ অনুরোধ।’

এ সময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান, ‘ট্র্যাপ’ মুভিতে অভিনয় করতে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। এদিকে গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটে জেতা জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত