টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৭:১২ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নতুন বোলিং কোচ হিসেবে আমরা ডোনাল্ডকে নিয়োগ দিয়েছি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’

প্রধান কোচ হিসেবে ইয়র্কশায়ারে যোগ দেওয়া ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করবেন ডোনাল্ড। প্রোটিয়াদের হয়ে তিনি ৭২ টেস্ট ও ৬৪টি ওয়ানডে খেলেছেন। এর আগে কাউন্টি ও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন ডোনাল্ড। ২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

এই সাবেক প্রোটিয়া পেসার ২০১১ সালে গ্যারি কার্স্টেনের সঙ্গে দ. আফ্রিকার জাতীয় দলেও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কা ও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফদের সঙ্গে ছিলেন ডোনাল্ড।

তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলতে দ. আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত