বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার হাভেলি রেস্টুরেন্টে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ সিনেমার গানের প্রকাশনা অনুষ্ঠান হয়। অনন্ত জানান, তার দিন- দ্য ডে সিনেমাটি রোজার ঈদে মুক্তি দিতে চাইছেন বলে জানান।
অনুষ্ঠানে অনন্ত বর্ষা জুটির নতুন গান ‘তোকে রাখবো খুব আদরে’ প্রকাশ পেয়েছে। গানটিতে রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন অনন্ত-বর্ষা। গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও আনিশা। গানটির দৃশ্যধারণ হয়েছে তুরস্ক ও ইরানের বিভিন্ন জায়গায়।
অনন্ত বলেন, ‘আমি চাই এই একটি সিনেমাই ঈদে মুক্তি পাক। কারণ আগে অনেক সিনেমা হল ছিল, একাধিক সিনেমা মুক্তি দেয়া যেত। কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা ৪০-৫০টি। এত কম প্রেক্ষাগৃহে বেশি সিনেমা মুক্তি দিলে কারই কোনো লাভ হবে না।’বিষয়টি নিয়ে প্রযোজক সমিতির নেতাদের সঙ্গে কথাও বলবেন বলে জানান অনন্ত জলিল।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
