সকালটা শিশুদের বিকেলে জনসমুদ্র

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:২৭ এএম

বাবা-মায়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বইমেলায় এসেছে সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া। এসেই সোজা যোগ দিয়েছে শিশু চত্বরে সিসিমপুরের আনন্দ আয়োজনে। সাদিয়ার মা ইয়াসমিন খানম জানান, করোনার কারণে অনেক দিন স্কুল বন্ধ থাকায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল তার মেয়ে। সব সময় বিমর্ষ থাকত। বইমেলায় আসার পর মেয়ের খুশি দেখে নিজেরও ভালো লাগছে তার। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে গতকাল শুক্রবার সকালবেলাটা ছিল শিশুদের। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় আসে। এদিন শিশুদের আনন্দ বাড়িয়ে তোলে সিসিমপুরের প্রিয় চরিত্র হালুম, টুকটুকি, শিকু ও ইকরি। বেলা সাড়ে ১১টা, সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিসিমপুরের তিনটি প্রদর্শনী হয়। পাশাপাশি শিশুচত্বরে মজার মজার সব বইয়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছে শিশুরা।

বিকেল গড়াতেই বাড়তে থাকে ভিড়। ইত্যাদি গ্রন্থ প্রকাশের সামনে বিকেলে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে  আসা ‘সাহিত্য একাডেমির’ সভাপতি কবি জয়দুল হোসেনের সঙ্গে। তিনিসহ বেশ কয়েকজন কবি-সাহিত্যিক ও নাট্যশিল্পী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন শুধু বইমেলাকে উপলক্ষ করে। এ সময় কথাসাহিত্যিক মাসউদ আহমাদ, মানিক রতন শর্মা, নাট্যশিল্পী জামিনুর রহমান, নাঈম রহমানসহ বেশ কয়েকজনকে দেখা যায় আড্ডায় মেতে থাকতে। কবি জয়দুল হোসেন বলেন, ‘প্রতিবারই ব্রাহ্মণবাড়িয়া থেকে মেলায় আসা হয়। অনেকের সঙ্গে আড্ডা হওয়াটা খুবই উপভোগ করি। রাতেই আবার ফিরে যাব ব্রাহ্মণবাড়িয়া। বইমেলা উপলক্ষে এটাকে ঝটিকা সফরও বলা যেতে পারে।’

সন্ধ্যায় বইমেলা রূপ নেয় জনসমুদ্রে। হাজারো মানুষের মিলনমেলায় তিল ধারণের যেন ঠাঁই নেই। বেশি লোক সমাগমের কারণে ধুলা ওড়াউড়িতে ভোগান্তি পোহাতে হয় দর্শনার্থীদের। তবুও ভোগান্তিকে সঙ্গে নিয়েই উৎসবের আনন্দে মেতে ওঠে বইপ্রেমীরা। বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বই বিক্রির পরিমাণ প্রত্যাশা ছাড়িয়েছে। ঐতিহ্য, তাম্রলিপি, সময়, অন্যপ্রকাশ, আদর্শ, অনন্যা, প্রথমা, বাতিঘরসহ কয়েকটি প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, ছুটির দিনে বই বিক্রি সন্তোষজনক।

বাংলাদেশ জ্ঞান ও প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘ছুটির দিনে বই বিক্রি সব সময়ই ভালো হয়। এ জন্য প্রকাশকেরাও সেদিন বিশেষ প্রস্তুতি নেন। নতুন বই প্রকাশের সংখ্যাও এদিন বেশি থাকে।’

গতকাল ছিল বইমেলার ১৮তম দিন। মেলা চলে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। এদিন নতুন বই এসেছে ২২০টি। এ ছাড়া ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আবদুস সেলিম ও বিধান রিবেরু।

মূল মঞ্চ : বিকেল ৪টায় মূলমঞ্চে হয় ‘স্মরণ : গাজীউল হক ও সিকান্দার আবু জাফর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন আমিনুর রহমান সুলতান, আলফ্রেড খোকন ও তারেক রেজা। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

প্রাবন্ধিক বলেন, বাঙালির স্বাধিকারের চেতনা জাগানো বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগ্রামে উত্তরণ পর্যন্ত প্রতিটি সাংস্কৃতিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছেন দুই মহান দেশপ্রেমিক, সাহিত্যিক, সাংবাদিক, কবি সিকান্দার আবু জাফর এবং ভাষাসংগ্রামী গাজীউল হক। পেশা ও কর্মজীবন ভিন্নতর হলেও তারা ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং স্বদেশ জননীর জন্য জীবনের ঝুঁকি নেওয়া চিরস্মরণীয় সাহসী দেশপ্রেমিক মানুষ। দুজনই অপরিসীম সাহসী, সত্যনিষ্ঠ, প্রচণ্ড উদ্যমী এবং বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত সংস্কৃতি অঙ্গনের প্রবাদপ্রতিম কর্মীপুরুষ।

বক্তারা বলেন, দেশপ্রেম, দীপ্তচেতনা ও সাহস এই সবকিছুর সমন্বয় লক্ষ করা যায় ভাষাসংগ্রামী গাজীউল হক এবং কবি সিকান্দার আবু জাফরের সমগ্র জীবন ও কর্মে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত বাঙালির চেতনা ও চিন্তাকে নানাভাবে উদ্বুদ্ধ করেছেন তারা। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তার মানুষ হিসেবে তারা আমাদের মনে চিরভাস্বর হয়ে থাকবেন।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাসুদুজ্জামান ও আসাদ আহমেদ। আবৃত্তি পরিবেশন করেন অনন্যা সাহা ও রতœা সিনহা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রাখাল কিশোর ঠাকুরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থা’ এবং রুবিনা আজাদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘উদয় দিগঙ্গন’-এর পরিবেশনা।

আজ বইমেলার আয়োজন : আজ শনিবার বইমেলার ১৯তম দিন। মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। বিকেল ৪টায় মূলমঞ্চে হবে ‘স্মরণ : কাজী মনজুরে মওলা ও হাবীবুল্লাহ সিরাজী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ সাদিক, আসাদ মান্নান ও জাহিদুল হক। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত