বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একটি পাহাড়ি ঝিরি থেকে এক মারমা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের আলেচুপাড়া এলাকার জঙ্গলের ঝিরি থেকে চুইরংমা মারমা (৪৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, ঘটনার দিন হলুদ তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। পরে তাকে গলা কেটে হত্যা করে লাশ ঝিরিতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত চুইরংমা বুধবার সকালে হলুদ ক্ষেতে হলুদ তুলতে যান। তখন জঙ্গলের একদল কাঠুরে তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝিরিতে ফেলে পালিয়ে যায়। নিহতের বাবা বলেন, ‘বুধবার হলুদ ক্ষেতে হলুদ সংগ্রহ করতে যায় মেয়ে। কিন্তু সন্ধ্যায়ও বাড়িতে না ফিরলে প্রতিবেশীদের নিয়ে খুঁজতে গিয়ে ঝিরিতে মেয়ের গলাকাটা লাশ পাই।’
রোয়াংছড়ি থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।
