গুলশানে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:৩৩ এএম

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে জান্নাতুল নওরিন এশা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, এশা এরশাদ শিকদারের মেয়ে।

২০০৪ সালে খুলনায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এশার ফুফাতো ভাই রুশো জানান, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গুলশানের শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে মা সানজিদা নাহারের সঙ্গে থাকতেন। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। বৃহস্পতিবার সন্ধ্যায়ও দুজনের ঝগড়া হয়।

রুশো আরও বলেন, ‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের রুমে ঘুমাতে যায়। ভোরে মা তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু সে দরজা খুলছিল না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পান এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। এ সময় তার দুই হাত ধারালো ব্লেড দিয়ে কাটা ছিল।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘মৃত এশা মৃত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে বলে জানতে পেরেছি। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত