নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ১৫ সংবাদকর্মী, জিডি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:৪০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহাদের ওপর হামলার ঘটনায় সংবাদ প্রকাশ করায় ক্যাম্পাসে নিয়োজিত সংবাদকর্মীদের ‘নানাভাবে হুমকি’ দিচ্ছে ‘হামলাকারীরা’।

এই হুমকির ভিত্তিতে নিরাপত্তা চেয়ে ত্রিশাল থানায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ সংবাদকর্মী সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

শনিবার সন্ধ্যায় ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এফ এম তানভীর আলম।

১৫ সংবাদকর্মী হলেন- দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি নিহার সরকার অংকুর, আমার সংবাদের হাবিবউল্লাহ বেলালি, যায়যায়দিনের বায়েজিদ হাসান, খোলা কাগজের তিতলি দাস, একুশে টিভি অনলাইনের আশিক আরেফিন, দৈনিক সময়ের আলোর আশিকুর রহমান, বাংলা ভিশন অনলাইনের জিসাদুজ্জামান জিসান, বাংলা ট্রিবিউনের মো. ওয়াহিদুল ইসলাম, দৈনিক অধিকারের সরকার আব্দুল্লাহ তুহিন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান ও নওশাদ, প্রেসক্লাবের সদস্য সিফাত শাহরিয়ার প্রিয়ান, নওয়াব শওকত জাহান কিবরিয়া, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও ফজলুল হক পাভেল।  

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়ালিদ নিহাদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলন শুরু হওয়ার পরে আন্দোলনে অংশ না নিতে হুমকি দিয়ে আসছে নিহাদের ওপর হামলাকারীরা।

ধারাবাহিকতায় গতকাল শুক্রবার আন্দোলনকারী এক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু হলে ডেকে নিয়ে জোর করে লিখিত বক্তব্য নিয়েছেন হামলাকারীরা। ওই লিখিত বক্তব্যে ক্যাম্পাসের কয়েকজন সংবাদকর্মীর নাম উল্লেখ করে বিভিন্ন আপত্তিকর বক্তব্য নেয়া হয়েছে। যা স্বীকার করেছেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে জানাতে চাইলে সংবাদকর্মীরা বলেন, ‘ওয়ালিদ নিহাদের ওপর হামলার ঘটনার সংবাদ প্রকাশ করায় আমাদের ওপর চাপ তৈরি করছেন হামলাকারীরা। গতকাল শুক্রবার এক শিক্ষার্থীকে দিয়ে জোর করে লিখিয়ে নেয়া হয় আন্দোলনে বিশৃঙ্খলা করার পরিকল্পনা রয়েছে। যার নেতৃত্বে সাংবাদিক রয়েছে। হামলাকারীদের এমন হীন কার্যকলাপ ও নানা ধরনের হুমকির মুখে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, তাদের যা অভিযোগ তা প্রক্টরের কাছে জমা দিলে হবে। তখন তা চলমান তদন্তের সঙ্গেই কাজ করবে।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামীকাল রবিবার ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় তদন্তের পর শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত