পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ মনোভাব রয়েছে। সেখানে থাকা বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলেই তো মনে হয়।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘সিলেট রত্ন ফাউন্ডেশন’ আয়োজিত মরহুম সি এম তোফায়েল সামীর স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেইসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।’
তিনি বলেন, ‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি যাদের তথ্য আমরা জানতে পেরেছি, তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নিয়েছি এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও রাশিয়ার সঙ্গে ব্যাংক লেনদেন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘এটি আমি জানি না এবং এ-সম্পর্কে বলার সময় এখনো আসেনি।’
‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই’ এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জন্যই তো আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।’
এর আগে মরহুম সি এম তোফায়েল সামীর স্মৃতিচারণা করতে গিয়ে ড. মোমেন বলেন, ‘তোফায়েল সামী সব সময় মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। তার মৃত্যুতে সিলেট আলোকিত মানুষকে হারিয়েছে।’
