৩ বছরের মধ্যে পাটবীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৩২ এএম

তিন বছরের মধ্যে পাটবীজ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, পাটবীজের জন্য আমরা কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় রোডম্যাপ প্রণয়ন করেছে। ভারতে তাদের অনুর্বর জমিতে পাটবীজ চাষ করে কম দামে আমাদের দেশে রপ্তানি করে থাকে। আমাদের কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় পাটবীজ চাষে খুব বেশি আগ্রহী নয়। তবে ইতিমধ্যে আমাদের পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাটের উন্নত জাত উদ্ভাবন করেছেন, যা ভারতের জাতের চেয়ে অনেক ভালো। তিনি বলেন, কৃষকদের মধ্যে এর চাষ জনপ্রিয় করতে কাজ চলছে। আমরা আশা করছি, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। ৩ বছর পরে ভারত থেকে পাটবীজ আর আমদানি করতে হবে না।

এ সময় ভারতের পাটের ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং না করার আহ্বান জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমরা অনেকবার ভারতকে বলেছি অ্যান্টি-ডাম্পিং না করতে, কিন্তু তারা কথা শোনে না। তবে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে পাট উৎপাদন ও রপ্তানি বাড়াতে কাজ করছে, যাতে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা টিকে থাকতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ। স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. আতাউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনকে জাতীয় পাট পুরস্কার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত