‘বিচারক-পুলিশ হত্যা’ করতে প্রবাস থেকে দেশে

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:৩৫ এএম

বিচারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মনির আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। গত শনিবার রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মনির আব্দুল রাজ্জাক প্রথমে ২০০৭ সালে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজের জন্য বাহরাইন যায়। প্রবাসে থাকা অবস্থায় সে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উগ্র মতবাদপুষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিও দেখে রেডিক্যালাইজড হয়। পরে সে ফেইক ফেইসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামে একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন পোস্টে সবাইকে এই জিহাদে যোগদানের আহ্বান করে। সর্বশেষ সে বাহরাইন থেকে ২০১৮ সালে দেশে আসে এবং দুই মাস পরে পুনরায় প্রবাসে চলে যায়। প্রবাসে বসে সে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উগ্রবাদপুষ্ট উসকানিমূলক পোস্ট দিয়ে অনলাইনে জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছিল এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।’

তিনি আরও বলেন, ‘মনির আব্দুল রাজ্জাক ধর্মীয় উগ্রবাদী সংগঠন গাজওয়াতুল হিন্দে যোগদানের বিষয়ে সবার দোয়া কামনা করে যেন “গাজওয়াতুল হিন্দ”-এর এই যুদ্ধে আল্লাহ তাকে কবুল করেন। সে বিচারক ও পুলিশ বাহিনীকে টার্গেট করে ফেইসবুকে বিভিন্ন উগ্রবাদী পোস্ট দিতে থাকে। তাদের ওপর হামলার পরিকল্পনা করার বিষয়টি মাথায় নিয়েই বাহরাইন থেকে পরিবারের কাউকে না জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। এরপর ধর্মীয় উগ্র জিহাদি কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য ছদ্মবেশে ঢাকায় অবস্থান করছিল।’

সিটিটিসির প্রধান বলেন, ‘মনির প্রবাসে (বাহরাইন) থাকাকালে তার সহকর্মী পাকিস্তানি নাগরিকের পরামর্শে পাকিস্তানি সেজে ফেইসবুকে একটি ফেইক আইডি খোলে। যেখানে নিজেকে পাকিস্তান উর্দু স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছে বলে স্ট্যাটাস দেয়, যাতে অন্যরা তার আইডি দেখে তাকে পাকিস্তানি বলে মনে করে। এরপর সে তার ফেইক ফেইসবুক আইডিতে অনবরত বাংলাদেশবিরোধী বিভিন্ন নাশকতা ও ষড়যন্ত্রমূলক পোস্ট দিত।’

পুলিশ ও বিচারকদের ওপর হামলায় অন্যদের উদ্বুদ্ধ করতে ফেইসবুকে মনিরের দেওয়া বিভিন্ন পোস্টের বিষয়ে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘এসব পোস্টে সে লেখে, “দেশকে কে না ভালোবাসে? দেশের ভালো কে না চায়? এই ভালোবাসার খাতিরে দেশকে ভালোবেসে প্রয়োজনে শান্তি ফিরিয়ে আনতে, জুলুম হতে দেশ আবার স্বাধীন করতে হবে। তাই আরেকটি যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ শুরু হোক সুষ্ঠু বিচার পরিচালনার জন্য। কয়েকটা বিচারক আর পুলিশ নিধন করলেই আমাদের সোনার বাংলা আবার ফিরে পাব। দেশকে মুক্ত করতে হলে পুলিশ ও বিচারকদের ওপর হামলা করো। দেশ স্বাধীন করো”।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত