ইউক্রেনে হামলার প্রায় দুই সপ্তাহ পর চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একই সঙ্গে এসব শহরে মানবিক করিডর চালু করারও ঘোষণা দেওয়া হয়েছে। এই চারটি শহর হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মস্কোর সময় গতকাল সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয় এ ঘোষণা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় মানবিক করিডর খোলা হচ্ছে কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহরে।
কিয়েভসহ অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া চারটি শহরই বর্তমানে ব্যাপক রুশ আক্রমণের অধীনে রয়েছে। এর আগে ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দুই দফায় অস্ত্রবিরতির মাধ্যমে একটি মানবিক রুট খোলার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। অস্ত্রবিরতি ও সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পরস্পরকে দোষারোপ করেছিল রাশিয়া ও ইউক্রেন।
এর আগে গত শনিবার প্রথম দফায় একটি খণ্ডকালীন অস্ত্রবিরতি ঘোষণা করে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু অস্ত্রবিরতির ঘোষণার কিছু সময় পরই নতুন করে বোমা হামলা শুরু হওয়ায় সেটি ব্যর্থ হয়। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করতে শুরু করে রাশিয়া ও ইউক্রেন। এরপর গত রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় দফায় খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু ইউক্রেনের অভিযোগ, অস্ত্রবিরতিতে রাজি হলেও একটানা গোলাবর্ষণ অব্যাহত রাখে রুশ সামরিক বাহিনী। প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর ইউক্রেন দাবি করেছিল, রাশিয়া প্রতিশ্রুতি মতো মানবিক করিডর তৈরি করেনি এবং মারিওপোলের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বাধা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনবাসী শর্ত পালন করেনি, তারা কোনোভাবেই শান্তি বজায় রাখতে আগ্রহী নয়। আর তাই ফের হামলা শুরু করা হয়েছে।
এদিকে চারটি শহরে মানবিক করিডরের নামে শরণার্থীদের বেলারুশ অথবা রাশিয়ায় নিয়ে যাওয়ার বিষয়ে রুশ প্রস্তাব ‘পুরোপুরি অনৈতিক’ বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির কয়েকটি শহরের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া মানবিক করিডরগুলো ওই দেশ দুটিতে গেছে; এমন তথ্য সামনে আসার পর এই মন্তব্য করল ইউক্রেনীয় কর্র্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে ইউক্রেনের ভূখণ্ডের ভেতর দিয়েই যাতায়াত করার সুযোগ থাকা উচিত। রয়টার্সকে দেওয়া একটি লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘এটা পুরোপুরি অনৈতিক একটি ব্যাপার। মানুষের দুর্দশাকে ব্যবহার করে টেলিভিশনের গল্প তৈরির চেষ্টা করা হচ্ছে। তারা ইউক্রেনের নাগরিক, ইউক্রেনের ভেতর দিয়েই তাদের চলাফেরার অধিকার থাকা উচিত।’
হোস্তোমেল শহরের মেয়র নিহত : কিয়েভের কাছের হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্র্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি দুজনের পরিচয় ফেসবুকে জানানো হয়নি। রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনের কাছে চলে এসেছে। গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।
রাশিয়াজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৫০০ : রাশিয়াজুড়ে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে গত রবিবার একদিনেই দেশটিতে প্রায় সাড়ে চার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে রুশ কর্র্তৃপক্ষ। প্রতিবাদ ও বিক্ষোভ পর্যবেক্ষণ করে এমন স্বাধীন একটি গ্রুপের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাশিয়াজুড়ে মোট ৫৬টি শহর থেকে ৪ হাজার ৩৬৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে রুশ কর্র্তৃপক্ষ। এর মধ্যে ১৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে শুধু রাজধানী মস্কো থেকেই। এছাড়া সেন্ট পিটার্সবার্গ থেকে ৭৫০ জন এবং অন্যান্য শহর থেকে আরও ১ হাজার ৬১ জনকে আটক করা হয়েছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ৫ হাজার ২০০ মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন এবং এর মধ্যে সাড়ে ৩ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তবে ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, রাশিয়ার মোট ৫৬টি শহর থেকে কমপক্ষে ৪ হাজার ৩৬৬ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সম্প্রতি রাশিয়াতে বিক্ষোভের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হামলা শুরুর পর থেকে গত ১১ দিনে দশ হাজারের মতো রুশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দিতে আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এসব কথা বলেন। গত রবিবার এক টুইটে প্রীতি প্যাটেল বলেনÑ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইন্টারপোল থেকে অবিলম্বে রাশিয়াকে প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনবিষয়ক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার আচরণ সরাসরি হুমকি। তবে পশ্চিমা দেশগুলোর এ ধরনের অনুরোধের পেছনে কী কারণ রয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি প্যাটেল। তিনি বলেন, ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করতে চায়।
মোদি-জেলেনস্কি ফোনালাপ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সুমিতে আটকেপড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। এএনআই ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন। যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সুমিতে আটকেপড়া ভারতীয় পড়–য়াদের সরিয়ে আনতে জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ফলে ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই।
