বাংলাদেশকে টিকা উপহার দেবে না লিথুয়ানিয়া

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:২৫ এএম

বাংলাদেশকে উপহার হিসেবে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের করোনাভাইরাস টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে লিথুয়ানিয়া। ইউক্রেনে সামরিক অভিযানের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয় বাল্টিক অঞ্চলের দেশটি।

গত বুধবার সাধারণ পরিষদে ভোটের পরদিনই দেশটি বাংলাদেশকে টিকা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জ্যাকিলাইটিয়েনের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এলআরটি ইংলিশ এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের শুরুতে বাংলাদেশকে টিকা উপহারের কথা জানিয়েছিল দেশটি। 

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলছে বাংলাদেশ সরকার। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত