পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৩:০৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার সকালে উপজেলার জলুর দীঘির পাড় এলাকায় ফোর স্টার কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ সিফাত (১৭)। তিনি ময়মনসিংহ সদর থানার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুর দীঘির পাড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ সময় বাসের নিচে মোটরসাইকেল ঢুকে আগুন ধরে যায়। ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সিফাত। এ সময় আহত কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। পরে পটিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত