ফের বাড়ছে স্বর্নের দাম, ভরি ৭৯,৩১৫ টাকা

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:৩৮ পিএম

আবারও দেশের বাজারে স্বর্নের দাম বাড়ছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্নের অলংকার তৈরিতে লাগবে ৭৯ হাজার ৩১৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে স্বর্নের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে। বুধবার থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হবে।

তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক বাজারে স্বর্নের দাম অনেক বেড়ে গেছে। মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্নের দাম ২ হাজার ৫০ ডলারে পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়ছে। তার প্রভাব দেশের বুলিয়ন মার্কেটে পড়েছে। পাকা স্বর্নের দাম বেড়ে গেছে, সংকটও আছে। সে কারণেই দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে। তবে যে হারে বিশ্ববাজারে দাম বেড়েছে, তাতে দেশে দাম আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত