ভালোয় ভালোয় পদত্যাগ করুন : ফখরুল

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:১৩ এএম

সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতায় বসে অনেক অপরাধ করেছেন। এ অপরাধের হিসাব দিতে পারবেন না। দিন শেষ হয়ে এসেছে। ভালোয় ভালোয় পদত্যাগ করুন।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ‘একটা ফ্যাসিস্ট, বিনাভোটের নির্বাচিত সরকার আজকে মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়েই চলছে। সাধারণ মানুষকে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করছে। মানুষকে বাঁচাতে হলে এ সরকারকে হটানো ছাড়া বিএনপির সামনে অন্য কোনো উপায় নেই। আওয়ামী লীগের অনেক অপরাধ, তারা এ অপরাধের হিসাব দিতে পারবে না।’

তিনি বলেন, ‘এই সরকার যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকে, তাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আমলাতন্ত্র, আদালতকে ধ্বংস করে দিয়েছে। সরকারের দিন শেষ হয়ে গেছে। সুতরাং ভালোয় ভালোয় পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’

‘করোনার পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে।’দুবাই সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘যুদ্ধ কবে থেকে শুরু হলো, আর কবে থেকে এ দেশের মানুষ চিৎকার করছে, তেল-চাল-ডালের দাম কমাও।’ করোনার সময়ে যে চুরি, যে ডাকাতি আপনারা করেছেন স্বাস্থ্য খাতে, প্রণোদনার নামে যে দুর্নীতি হয়েছে সে কথার জবাব কে দেবে প্রধানমন্ত্রী?’

তিনি বলেন, ‘সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দেশে ২ শতাংশ দরিদ্র বেড়েছে। মানুষ বলতে পারে না। মুখোশ পরে টিসিবির লাইনে দাঁড়ায়। সে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মানুষ একটু চাল, ডাল, আলুর জন্য ধাক্কাধাক্কি, মারামারি করে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সব সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। দেশে যত চাঁদাবাজি, ঘুষ খাওয়া সবকিছুর মূলে এ আওয়ামী লীগ। যখনই তারা ক্ষমতায় এসেছে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে।’

যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত