টিকা সনদ থাকলে বাংলাদেশে ঢুকতে লাগবে না টেস্ট

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০২:০৪ এএম

বাংলাদেশে প্রবেশের জন্য কভিড-১৯ শনাক্তে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। করোনা প্রতিরোধী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)। আদেশটি জারির সময় থেকেই কার্যকর বিবেচিত হবে।

বেবিচক জানায়, বাংলাদেশে প্রবেশ করা কোনো যাত্রী যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকেন এবং যাত্রার সময় যদি তার সঙ্গে টিকা সনদ থাকে তাহলে তার করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে না। তবে যেসব যাত্রীর টিকা সনদ থাকবে না তাদেরকে যাত্রার ৭২ ঘণ্টা আগে টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্যসংক্রান্ত অন্য নির্দেশনাগুলো মানতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবে তাদেরকে সেসব দেশের ভ্রমণ বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দিয়েছে বেবিচক।

বেবিচক আরও জানায়, টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্র্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজিটিভ এলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বেবিচকের সর্বশেষ সার্কুলারে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল। বেবিচকের সেই সার্কুলারে বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত