কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে পুড়ে গেছে ৩শ’ ঘর।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকান্ড হয়। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত তিনবার আগুনের ঘটনা ঘটল।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এপিবিএন পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহত শিশুর পরিচয় নিশ্চত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ৩শ ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
