তিন দিন আগে পিলারে ফাটল দেখা দেওয়া মতিঝিলের মডার্ন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
বুধবার ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ১৫ তলা ওই ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর আগে ভবনের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার বলেন, ভবনের দোতলায় তিনটি এবং তৃতীয়তলায় দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।
তিনি জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর এর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়।
এরপর ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।
বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
