ফেইসবুকে পরিচয় ও প্রেমের অভিনয়ের পর এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সোলায়মান হক (২৪) নামে ওই তরুণকে উদ্ধার ও তরুণীদের আটক করা হয়। গতকাল বুধবার বিকেলে আশুলিয়া থানার এসআই শ্যামলেন্দু ঘোষ এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুই তরুণী সম্পর্কে সহোদর বোন। তারা হলেন লিপি বেগম (২৭) ও সীমা বেগম (২৫)।
এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, গত মঙ্গলবার দুপুরে একজন কলার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে জানায় তার বন্ধু সোলায়মান কথিত বান্ধবীর সঙ্গে দেখা করতে আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়েছিল। সেখানে যাওয়ার পর তার বন্ধুর ফোন থেকে তাকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণের টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় অপহরণকারীরা মোবাইলে তার বন্ধুকে মারধরের শব্দ শোনান।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিম্মি হওয়ার আগে কলারের বন্ধু হোয়াটসঅ্যাপে তার অবস্থানস্থলের গুগল ম্যাপের চিত্র পাঠান। সেই অনুযায়ী কলার জানান, তার বন্ধু বাইপাইলে ন্যাশনাল ব্যাংকের পেছনের একটি ভবনে আটকে আছেন। পুলিশ জানায়, ৯৯৯-এর কলটি কনস্টেবল মো. রেজোয়ান মিয়া রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক আশুলিয়া থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানিয়ে তার সঙ্গে কনফারেন্সের মাধ্যমে কলারকে কথা বলিয়ে দেন। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তরুণকে আটকে রাখা গাজীরচট এলাকার তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’ বাড়িটি চিহ্নিত করে। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে অপহৃত সোলায়মানকে উদ্ধার করা হয়।
