দুবাই থেকে ফিরলেন সাকিব

আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:৪৮ এএম

ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন সাকিব আল হাসান। সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।

শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরের বিমান ধরার কথা ছিল সাকিবের। কিন্তু ‍রবিবার দুবাইয়ের বিমানে ওঠারে আগে সাংবাদিকদের তিনি বলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শারীরিক ও মানসিকভাবে তৈরি নন তিনি। আপাতত তার ব্রেক দরকার।

সাকিবের এই কথার পর তোলপাড় হয়েছে অনেক। শেষ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেন।

বুধবার বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এখন সাকিবকে ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে টাইগাররা।

বাংলাদেশ দল যাবে তিন ভাগে ভাগ হয়ে। শুক্রবার সকালে ঢাকা ছাড়বে প্রথম দল, রাতে আরেকটি ও শনিবার সকালে রওনা হবে আরেক ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত