দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধ্বংসে ‘বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া এবং নকল বিড়ি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা।
মানববন্ধন শেষে রাজশাহী চেম্বার অব কমার্সের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাবলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে দেশের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, নদীভাঙন কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গসহ লাখ লাখ সুবিধা বঞ্চিত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে।
তাদের অভিযোগ, এরই অংশ হিসেবে দুর্নীতিবাজ কর্মকর্তারা বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এতে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।
