ফেনীতে আমের উদ্দিন মক্কি (৩৫) নামে এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়ার ঘোপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মক্কি উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের জামায়াত নেতা মোসলেহ উদ্দিনের ছেলে ও জেলা ছাত্র শিবিরের সাথি। তার বিরুদ্ধে প্রায় ১১টি মামলা রয়েছে ও সে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ছাগলনাইয়া থানা সূত্রে জানা গেছে, শিবিরের রাজনীতিতে যুক্ত আমের উদ্দিন মক্কি ছাগলনাইয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করার পর ফেনীর ফালাহিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন। ২০১২ ও ২০১৩ সালে ফেনীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, গাড়িতে হামলা, পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, যাত্রীবাহী গাড়িতে পেট্রল বোমা হামলা, ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার ঘটনাসহ প্রায় ১১টি মামলার আসামি শিবির নেতা মক্কি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, তার বিরুদ্ধে ফেনী, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় ১১টি মামলা রয়েছে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বৃহস্পতিবার রাতে র্যাব -৭ ফেনী ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে থানায় হস্তান্তর করে। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
