সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাচ্ছে রাশিয়া

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৪০ এএম

ইউক্রেন থেকে সৈন্য ফিরিয়ে নিতে রাশিয়ার ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। এরই ধারাবাহিকতায় সম্ভবত ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছেÑ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও গ্রুপ অব সেভেন বা জি-৭ভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে বাণিজ্য সুবিধা পেত রাশিয়া। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে সেসব সুবিধা এখন প্রত্যাহার করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১৫) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। এই সিদ্ধান্তের ফলে ক্রমবর্ধমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও আন্তর্জাতিক বাজারে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপের পথ প্রশস্ত হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশগুলো’কে আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত