‘বাংলার সমৃদ্ধি’র হাদিসুরের মরদেহ আসছে কাল

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৪৮ এএম

ইউক্রেনে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়া থেকে আগামীকাল রবিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী গতকাল শুক্রবার বলেন, মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়ার পথে। গভীর রাতে বুখারেস্টে পৌঁছানোর প্রত্যাশা করছি। তার মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানান, এখানে আসার পর মরদেহ মর্গে রাখা হবে। এরপর পাঠানোর বিষয়ে যেসব নথি রয়েছে সেগুলো রোমানিয়ান ভাষায় অনুবাদ করতে হবে। তা ছাড়া সাপ্তাহিক ছুটি রয়েছে। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) প্রেসিডেন্ট ক্যাপ্টেন মো. এনাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজার ভ্যান ইউক্রেন থেকে রওনা করে। এটি সন্ধ্যায় ৭টায় মলদোভা পৌঁছার কথা। সেখান থেকে রোমানিয়ার বুখারেস্টে পৌঁছতে রাত ১২টা হতে পারে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে গিয়ে আটকা পড়ে। ২ মার্চ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তার বাড়ি বরগুনার বেতাগী। হামলার ঘটনার পর দিন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাকি ২৮ নাবিককে জীবিতাবস্থায় উদ্ধার করে প্রথমে ইউক্রেনের একটি শেল্টার হাউজে রাখা হয়। সেখান থেকে মলদোভা হয়ে তাদের রোমানিয়া নিয়ে যাওয়া হয়। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত বুধবার দুপুরে তারা দেশে ফিরে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত