অনেক হয়েছে এখন সরে যাও : ফখরুল

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৪৯ এএম

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর কোনো কথা নয়; একটাই কথা। এখন সরে যাও। অনেক হয়েছে।’

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগে মায়েরা বলত ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। মানে বর্গির কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার  বর্গির সরকার। এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়ে মোটা। সারা দেশের মানুষ বলছে সবকিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায়-আসে না। তারা বলছে, সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে। মানুষ আপনাদের সব রাজনীতি বুঝে গেছে।’

টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের চরম দুরবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলছে, আমি যখন সয়াবিন তেল কিনতে পারি না, আমি যখন চাল কিনতে পারি না, আমি যখন চিনি কিনতে পারি না, লবণ কিনতে পারি না, পেঁয়াজ কিনতে পারি না, বাসায় ফিরে গিয়ে আমার বাচ্চাগুলোর মুখে কী দেব সেই চিন্তায় যখন পাগল হয়ে যাই, তখন এই আপনাদের পদ্মা সেতু, উড়ালসেতু আর উন্নয়ন দেখে কি কোনো লাভ আছে? এটাই হচ্ছে সাধারণ মানুষের মনের কথা।’

তিনি আরও বলেন, ‘আজকে নিম্নবিত্ত-মধ্যবিত্ত, মধ্য ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে, চমৎকার চমৎকার জায়গায় এদিকে ফুল-ওদিকে ফুল নিয়ে বসে বক্তৃতা-বিবৃতি দেয়। বলেন, দাম তো একটু সারা বিশে^ই বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয়ক্ষমতা বাড়ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কারও দয়ায় স্বাধীনতা পাইনি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে বাংলাদেশের সব মানুষ অংশগ্রহণ করেছিল। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। আমাদের মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছিলেন। দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশের জন্য নয়।’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষকদলের নেতা টিএস আইয়ূব, মামুনুর রশীদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত