দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালে সমর্থন থাকবে বিএনপির

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ গণতান্ত্রিক বাম জোটসহ কয়েকটি সংগঠনের ডাকা আধাবেলা হরতালে বিএনপির সমর্থন থাকবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান শনিবার এ কথা জানিয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম জোট হরতালের ডাক দিয়েছে। তারা অবশ্যই ভালো কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে অবশ্যই আমাদের সহায়তা এবং সমর্থন থাকবে।’

শুক্রবার রাজধানীর পুরান পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আগামী ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল ঘোষণা করে গণতান্ত্রিক বাম জোট।

এদিন একই দাবিতে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ২৮ মার্চ হরতাল আধাবেলা কর্মসূচি ঘোষণা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত