সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবার দেশটির রাজধানী দুবাইয়ে ট্রেড সেন্টার স্থাপন করতে যাচ্ছে এফবিসিসিআই। এ লক্ষ্যে গত শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) অব দুবাই ও এফবিসিসিআইর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী দুবাইয়ে এফবিসিসিআই ট্রেড সেন্টার স্থাপনে সব ধরনের সহযোগিতা করবে বিবিসি-দুবাই। ট্রেড সেন্টার স্থাপনের মাধ্যমে ইউএইতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই। দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কাজ করবে এফবিসিসিআইর ট্রেড সেন্টার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ব্যবসায়ীদের নানা ধরনের সহযোগিতা করবে এই ট্রেড সেন্টার।
এফবিসিসিআইর পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও বিবিসি-দুবাইয়ের পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মেদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক এম জি আর নাসির মজুমদার, মোহাম্মেদ বজলুর রহমান ও মো. নিজাম উদ্দিন।
