চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাউরুটির সঙ্গে বিষ মিশিয়ে ১০টি কুকুর হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। গত বুধবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন প্রাণী কল্যাণকর্মী ঢাকার ওষুধ ব্যবসায়ী মারুফুল হক রোমেল।
মামলায় আলমডাঙ্গার সোনাতনপুরের মৃত মকছের আলীর ছেলে আব্বাস আলীকে (৪৫) একমাত্র আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের বিচারক মিজানুর রহমান। মামলায় উল্লেখ করা হয়, ১ মার্চ আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের আব্বাস আলী খাবারে বিষ মিশিয়ে ১০টি কুকুর হত্যা করেন। পরে ৩ মার্চ আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে বাদী মামলাটি করেন।
এ ব্যাপারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর বলেন, প্রাণী হত্যা করলে যে আইনে শাস্তির বিধান রয়েছে, এটা সাধারণ মানুষের অনেকেই জানেন না। যারা প্রাণী হত্যা করছে তাদের যদি শাস্তি হয় তাহলে অনেকেই জানবে প্রাণী হত্যা করলে তাদেরও শাস্তি হতে পারে।
