প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু (৬৯) আর নেই। গত শুক্রবার রাত সড়ে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
হেমায়েত উদ্দিন হিমু পাঁচবার ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঝালকাঠি প্রেস ক্লাবের আজীবন সদস্য এ গুণী সাংবাদিক সচেতন নাগরিক কমিটি (সনাক), এডাব ঝালকাঠির সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি ও সূর্যালোক নিউজের সম্পাদক ছিলেন। প্রবীণ সাংবাদিক হিমু দেশের অধিকাংশ আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার মরদেহ গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয় এবং বাদ জোহর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি
