১১ মার্চ মুক্তি পেয়েছে শরিফুল রাজ অভিনীত ‘গুনিন’। এই সিনেমার শুটিংয়ের কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন রাজ। অসুস্থ হয়েও শুটিং করার অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া রাজের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘‘রাত দুইটায় গুলশান ৭১ নম্বর রোডে বসে ভাবছি শ্যুটিংটা করতে পারব কিনা, হাতে তখনো দুইটা স্ক্রু লাগানো, কোনোভাবেই নিজেকে মানসিকভাবে উপযুক্ত মনে হচ্ছিল না, ডক্টর সাফ জানিয়ে দিল এই অবস্থায় শুটিং করা সম্ভব না, অথচ শুটিং এর বাকি তখন ছয় কি সাত দিন, অবাক করা বিষয় সেলিম ভাই শেষ দিন অব্দি অপেক্ষায় ছিলেন, ওটাই হয়তো আমার মনোবলকে চাঙা করেছে।
‘‘শুটিং এর জন্য আমার সেকেন্ড লাইন আপও রেডি ছিল! পরের দিন এই অবস্থায় রিহার্সালে গেলাম, রিহার্সালে গিয়ে দেখা হলো পাভেল ভাইয়ের সাথে, পাভেল ভাই মজার ছলেই বললেন রাজ শুটিং করবে কীভাবে? রাজকে আমরা শুটিং এ চা নাস্তা বানাইতে নিয়ে যাই। পরক্ষণেই তিনি সাহস দিলেন আর বললেন আমার নিজের হাতেই স্ক্রু বসানো, ভয় পাইস না, মনে সাহস রাখ।
‘‘এই সিনেমায় অনেক বেশি সাহস আমাকে জুগিয়েছে আমাদের ডিওপি খসরু ভাই, তিনি বিভিন্ন সময়ে নানাভাবে আমাকে উৎসাহিত করত, তার উৎসাহে আমি সত্যিই কাজের উদ্যম ফিরে পাই।
‘‘গুনিনে কাজ করতে গিয়ে যেই মানুষটা আমাকে সব সময় ছায়ার মতো বড় ভাইয়ের মতো সাহস জুগিয়েছে তিনি মনোয়ার ভাই, আমি আর মনোয়ার ভাই এক রুমেই থাকতাম, এইজন্য মনোয়ার ভাইর কাছ থেকে প্রতি মুহূর্তেই অনেক কিছু শিখেছি এই সময়ে।
‘‘ব্রাহ্মণবাড়িয়ায় আমার নিজের শহরে শুটিং হবে সেইটা নিয়েও অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল তা ছাড়া সেলিম ভাইর মতো এতো বড় একজন পরিচালকের সাথে কাজ করার সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি, আমার ভাঙা হাতটা ঠিক করে দেয়ার জন্য সেলিম ভাইকে ধন্যবাদ।
‘‘অ্যাক্সিডেন্ট করার পরে আসলে বেশ কিছুদিন আমি মানসিক ট্রমায় ছিলাম, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল এই শুটিং আমাকে সবকিছু থেকে বের করে আনবে। সেই কাজটাই খুব সুচারু এবং নিপুণভাবে করেছে গুনিন পরিবার, গুনিন পরিবারের সবাই শুটিং এর সময় আমাকে যেই পরিমাণ ভালোবাসা এবং যত্ন করেছে আমি গুনিন পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে কৃতজ্ঞ।
‘‘ গুনিন সিনেমায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার স্ত্রী পরী এবং আমাদের অনাগত সন্তান, এই লেখায় তার সম্পর্কে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাকে নিয়ে অন্য আরেকদিন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’’
