আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে প্রশাসক স্বপদে থাকতে কোনো বাধা নেই। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে এমন আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ আপিলের শুনানি আগামী ১০ এপ্রিল নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদেশে সর্বোচ্চ আদালত জানায়, আগামী ১০ এপ্রিল পর্যন্ত ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। ওই সময়ের মধ্যে আইডিআরএকে নিয়মিত আপিলের নির্দেশনাও দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।
জীবন বীমা তহবিল বাড়িয়ে দেখানো, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। তার মাসিক সম্মানী ধরা হয় ৪ লাখ টাকা। আইডিআরএর ওই নিয়োগ চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের বরখাস্ত হওয়া পর্ষদ হাইকোর্টে রিট করেছিল। রিটে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছিল।
সে রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে চলতি বছর ৬ জানুয়ারি ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে গত বছর ফেব্রুয়ারিতে আইডিআরএ কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করাও অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়।
এদিকে আদালতের বাইরে আইডিআরএর সঙ্গে ডেল্টা লাইফের সাবেক পরিচালকদের একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। গত ৫ জানুয়ারি হাইকোর্টের আদেশের আগের দিন অর্থ মন্ত্রণালয়ে দুপক্ষকে নিয়ে বৈঠকও হয়, যেখানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, ডেল্টা লাইফের সাবেক চেয়ারম্যান (বর্তমানে পূবালী ব্যাংকের চেয়ারম্যান) মঞ্জুরুর রহমান, তার ছেলে ডেল্টা লাইফের পরিচালক জেয়াদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রশাসক তুলে নেবে আইডিআরএ। আর সরকার ও এসইসি যৌথভাবে কোম্পানিটির জন্য নতুন একটি পরিচালনা পর্ষদ গঠন করবে। এছাড়া আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করবে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ। আর ডেল্টা লাইফের বিরুদ্ধে হওয়া মামলাগুলোও প্রত্যাহার করবে আইডিআরএ। বর্তমানে কোম্পানিটির পক্ষ থেকে আইডিআরএ ও এর চেয়ারম্যানের বিরুদ্ধে ২১টি মামলা চলমান রয়েছে। আর আইডিআরএর পক্ষ থেকে ডেল্টা লাইফের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি। এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বৈঠকে।
