ঠাকুরগাঁওয়ে ফখরুল

বাজার বিএনপি নিয়ন্ত্রণ করলে ক্ষমতা ছেড়ে দিন

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৭:০৯ এএম

বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকারকে জনগণ আর চায় না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী জমানায় বাজার নিয়ন্ত্রণ বিএনপি করলে, তারা সরকারে আছে কেন? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক।’

গতকাল রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার বাড়িতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘চাল-ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য যেভাবে বাড়ছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মধ্যবিত্তরাও অসহায়। এসবের জন্য দায়ী সরকারের উদাসীনতা ও ব্যর্থতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েক দিন আগে ঠাকুরগাঁওয়ে এসে আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে নাকি বিএনপি জড়িত। আমি তো শিক্ষক, কোনোদিন ব্যবসা করিনি। এসব বলার অর্থ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’

তিনি বলেন, ‘অবৈধ সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল-ডাল, তেলসহ নিত্যপণ্য তারা কিনতে পারছে না। অথচ উদ্ভট কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্রকে বাজেভাবে ব্যবহার করছে। নিজেদের প্রয়োজনে বিভিন্ন আইন করেছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলা ও লেখনী ঠেকাতে আইন করেছে। প্রায় ৬০০ সংবাদকর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনেছে। আর ২০০ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পদে পদে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কার্যকরী ভূমিকা নেওয়ার বিষয়ে আমাদের সরকার কোনো ভূমিকা রাখতে পারেনি। তারা সবসময় নতজানু পররাষ্ট্রনীতিতে চলছে। দীর্ঘ পাঁচ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, মুক্তিযোদ্ধা নূর করিম, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত