১৮ হাজার লিটার তেল মজুতে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৬:০৯ পিএম

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখার দায়ে মেসার্স বিজয়া ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভোজ্যতেল কালোবাজারি, মজুত ও ক্রয়ের ভাউচার সংরক্ষণ মনিটরিংয়ের অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। অভিযানকালে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যাংক রোডের তোতা মিয়ার গলিতে অবস্থিত মেসার্স বিজয়া ভান্ডারের একটি গোডাউনে থাকা ৮৮টি ড্রামে প্রায় ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুত অবস্থায় পাওয়া যায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার সংকট রেখে বেশি লাভের আশায় অবৈধভাবে নিজের একটি গোডাউনে তেলগুলো মজুত রাখে বিজয়া ভান্ডারের মালিক রাজেশ বনিক। গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরে বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড করা হয়েছে ।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত