অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৫৫৬ রানের পাহাড় সংগ্রহ গড়ে। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৮ রানে।
৪০৮ রানের লিড পেলেও পাকিস্তানকে ফলোঅন করায়নি অজিরা। দ্বিতীয় ইনিংস শুরু করে সোমবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ১ উইকেটে ৮১ রান করেছে দলটি। এখন পর্যন্ত তাদের লিড ৪৮৯।
উসমান খাজা ৩৫ ও মার্নাস লাবুশেন ৩৭ রানে অপরাজিত আছেন।
প্রথম দুই দিনেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামাতে পারেনি পাকিস্তানি বোলাররা। ৮ উইকেটে ৫০৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অজিরা আর ৫১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয়।
অধিনায়ক প্যাট কামিন্স ৩৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকে যান। মিচেল সোয়েপসন ২৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ স্কোর বাবর আজমের ৩৬। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করা ইমাম-উল-হক ২০ রান করেন। দশ নম্বরে নামা নুমান আলি ২০ রানে অপরাজিত ছিলেন। ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন সোয়েপসন।
