ঢাকা ক্রিকেট লিগ আজ শুরু

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:৫৩ পিএম

তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছেন জাতীয় দলের মোট ২৩ ক্রিকেটার। তাই অনেক তারকাকে ছাড়াই আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনে হবে তিনটি ম্যাচ। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ সিটি ক্লাবের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে। চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে লিজেন্ড অব রূপগঞ্জের সঙ্গে।

প্রতিবার ১২ দল নিয়ে হলেও, এবারের প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১১টি। লিগ শুরুর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকালই বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ফিরতে পারবেন ২৩ মার্চের পর। কিন্তু টেস্ট স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে বাড়তি হিসেবে যাওয়া মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজারা ১২ এপ্রিলের আগে ফিরতে পারবেন না দেশে। ফলে তাদের পক্ষে সুপার লিগের আগে কোনো ম্যাচ খেলা প্রায় অসম্ভব। এবার অংশগ্রহণকারী দলগুলোকে একজন করে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দিয়েছে আয়োজক সিসিডিএম। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে টানা লিজেন্ডস অব রূপগঞ্জের চোখ শিরোপায়। ভারপ্রাপ্ত অধিনায়ক নাঈম ইসলাম বলেন, ‘মাশরাফী ভাইয়ের মতো খেলোয়াড় যখন কোনো দলে থাকেন, সেটা সেই দলের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। উনি কী ধরনের পারফর্মার আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। ওনার দলে থাকা যে কোনো দলের জন্যই অনুপ্রেরণা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত