অগ্রিম রপ্তানি মূল্য ডলারে সংরক্ষণের অনুমতি

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:০০ এএম

অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয় বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এক সার্কুলার জারির মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়, সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা জারির আগ পর্যন্ত অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয় টাকায় নগদায়ন করতে হতো। ফলে এখন থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়কে টাকায় নগদায়নের দরকার পড়বে না। এতে রপ্তানিকারকরা লাভবান হবেন এবং বিনিময়জনিত ক্ষতি থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।  করোনাভাইরাস দেখা দেওয়ার পর থেকে গত দুই বছরে রপ্তানি খাতকে চাঙা রাখতে অনেক ধরনের নীতি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পোশাক খাতের কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সহজশর্তে ঋণ, রপ্তানিমূল্য দেশে আনার সময় বাড়ানো, রপ্তানি খাতগুলোতে বিদেশি ঋণ প্রবাহ বাড়াতে তহবিলের আকার বাড়ানোসহ অনেক ধরনের সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত