অভিনয় ছেড়ে দেব

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:০৮ এএম

জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। উপস্থাপনায়ও দেখা যাচ্ছে তাকে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

ব্যস্ততা...

সিনেমার কাজ নিয়েই আমার সব ব্যস্ততা। কয়েকদিন আগে ‘মাইক’ নামের নতুন একটি সিনেমার কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর ভাষণকে উপজীব্য করেই এটির গল্প তৈরি হয়েছে। সরকারি অনুদানের এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। এ ছাড়া চলতি সপ্তাহেই ‘দামপাড়া’ নামের আরেকটি নতুন সিনেমার ডাবিং শুরু করব। এ ছাড়া আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য ‘গাঙচিল’-এর ডাবিংও শুরু করব।

টিকে থাকা...

টিকে থাকতে গেলে সময়ের চাহিদাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আর কাজটাকেই সবচেয়ে প্রাধান্য নিতে হবে। আমি একজন অভিনেতা, আমার প্রধান কাজ অভিনয় করা। এর বাইরে অন্যকিছু নিয়ে বেশি ব্যস্ত থাকলে অভিনয় ক্যারিয়ারটাই ক্ষতির মুখে পড়বে। আমি সবার ভালোবাসায় এখনো সমান চাহিদা নিয়ে কাজ করছি। কিন্তু কখনো ভাবিনি যে ইন্ডাস্ট্রি ডোমিনেট করতে হবে বা আমাকে কেউ ঢালিউড কিং, শাহেনশাহ এসব নামে ডাকুক। কখনো ভাবিনি, আমি বড় তারকা হয়ে গেছি বলে এখন আর শেখার দরকার নেই, ফিটনেস না থাকলেও চলবে। আমার সময়ের নায়িকারা অনেক বেশি মেধাবী ও দর্শকপ্রিয়। কিন্তু তারা এক একজন ভিন্ন কারণে নিজেকে ধরে রাখতে পারেননি। আমি সবার কাছ থেকে শিখেছি যাতে আমার বেলায়ও একই ঘটনা না ঘটে।

মুক্তির অপেক্ষায়...

‘বিউটি সার্কাস’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’, ‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমাগুলো একেবারেই প্রস্তুত হয়ে আছে। এ ছাড়া আমার হাতে আরও কিছু সিনেমার কাজ আছে। এ কারণে আগামী দুই-তিন বছর এগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

পরিকল্পনা...

কয়েক বছর পর অভিনয় ছেড়ে দেব। এরপর জনসেবায় নিজেকে নিযুক্ত করতে পারি। সেটি রাজনৈতিক কর্মকা-ের মধ্য দিয়েও ঘটতে পারে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই। তবে পদ-পদবি নিয়ে আমার কোনো উচ্চাশা নেই। নায়ক হিসেবেই অবসরে যেতে চাই। আমার ইচ্ছা, দর্শক আমাকে শুধু নায়ক হিসেবেই মনে রাখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত