বর্তমানের মতো ভবিষ্যতেও বেসরকারি সংস্থা ব্র্যাক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। গতকাল সোমবার সংস্থাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মানুষের উন্নয়নে কাজ করছে ব্র্যাক। গত ৫০ বছর ধরে সংগঠনটি যেভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ছিল ভবিষ্যতেও একইভাবে থাকবে। যার প্রয়োজন সবচেয়ে বেশি, তার কাছে আগে পৌঁছাবে ব্র্যাক।
গতকাল রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের উন্নয়ন-দর্শন ‘যার প্রয়োজন সবচেয়ে বেশি, তার কাছে আগে পৌঁছাতে হবে’Ñ এই নীতি অনুসরণ করেই ব্র্যাক তার আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবে।
সভায় ব্র্যাক বাংলাদেশ গভর্নিং বডির চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠাতা আবেদ ভাই এখন সশরীরে আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও দর্শনই আমাদের চালিকাশক্তি।
ব্র্যাককে ‘আইডিয়া ও ঝুঁকির সমন্বয়’ উল্লেখ করে ব্র্যাক ইন্টারন্যাশনাল সুপারভাইজরি বোর্ডের চেয়ার আইরিন খান বলেন, দেশ ও দেশের বাইরে আইডিয়া ও ঝুঁকির সমন্বয় করেই ব্র্যাকের এসবের মোকাবিলায় কর্মসূচিগুলো চালাবে।
মতবিনিময় সভায় ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ, ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক কমিউনিকেশন্স, লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্টের পরিচালক মৌটুসী কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
