হিলি স্থলবন্দরে ২০ টাকায় নামলো পেঁয়াজের দাম

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৩:২১ পিএম

বেশ কয়েক দিন ধরে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে হাফ সেঞ্চুরি পার করার পর দাম নিম্নমুখী অবস্থায় রয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়তি থাকায় দাম এখন কমতির দিকে।

বর্তমানে বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২০ টাকা থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা দুদিন আগে ২৪ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর, নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের প্রতিকেজি পেঁয়াজ (ট্রাকসেল) ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে যা পূর্বে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

এ ছাড়া নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা পূর্বে ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে হিলির খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ১৬ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর দেশীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগে বাড়তি দামে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নুরুল ইসলাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেশি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষদের বাজারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এর উপর পেঁয়াজের দাম বাড়তির দিকে ছিল ৫০ টাকা ছাড়িয়ে গিয়েছিল দাম। এখন অবশ্য অনেকটা স্বাভাবিক হচ্ছে দিন দিন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

দুদিন আগে যে পেঁয়াজ ২৫/২৬ টাকা নিয়ে গেছি আজ সেই পেঁয়াজ কিনলাম ১৬/১৮ টাকা কেজি দরে। দাম অনেকটা কমে এসেছে এতে করে আমাদের মতো মানুষদের সুবিধা হয়েছে। দাম এমন থাকলে সুবিধা হয় আর সামনে যেহেতু রমজান সে সময় দাম এমন থাকলে ভালো হবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল আলম বলেন, পূর্বে চাহিদা থাকলেও বন্দর দিয়ে আমদানি কম থাকায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে ছিল। এখন বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে এতে পেঁয়াজের দাম কমতে কমতে নিম্ন পর্যায়ে নেমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের বাড়তি আমদানির ধারা অব্যাহত রয়েছে। পূর্বে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা বেড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

গতকাল সোমবার বন্দর দিয়ে ৪১টি ট্রাকে ১ হাজার ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। যেহেতু পেঁয়াজ কাঁচামাল তাই এটি সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত