কাশ্মীর ফাইলস নিয়ে আমির খানের ভিন্ন সুর

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি নিয়ে ভারতে বেশ মাতামাতি হচ্ছে। যত দিন যাচ্ছে ছবিটির ব্যবসার পরিমাণও বাড়ছে। শনি আর রবিবার বক্স অফিসের বেশকিছু রেকর্ডও ভেঙে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা।

কাশ্মীরি পণ্ডিতদেরকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক ঘটনা গল্প আকারে উঠে এসেছে রুপালি পর্দায়। উঠে এসেছে এমন এক তথ্য যা এতদিন অজানাই রয়ে গিয়েছিল। এমনিতেই কাশ্মীর নিয়ে মানুষের উৎসাহ শেষ হয় না। ভারতের এক বিশাল অংশ যখন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার ভূয়সী প্রশংসা করছে, তখন আমির খানের গলায় দেখা গেল ভিন্ন সুর। সিনেমা পাড়া থেকে শুরু করে রাজনৈতিক মহলেও অনেকে এই ছবি নিয়ে মাতামাতি করলেও আমির খান একটু উদাসীনতাই দেখিয়েছেন।

গতকাল মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে নিজের জন্মদিনের কেক কাটেন আমির খান। আর সেখানেই সাংবাদিকরা অনুপম খের অভিননীত এই সিনেমা নিয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, ‘আসলে আমি এখনও পর্যন্ত ছবিটা দেখিনি। শুনেছি অত্যন্ত সফল হয়েছে ছবিটি। আমার পক্ষ থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রত্যেককে অনেক অভিনন্দন’।

হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হল গোয়া এবং ত্রিপুরায় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পক্ষ থেকেও। একাধিক সিনেমা হলে সিনেমার টিকিটের সঙ্গে খাবারে ছাড় দেওয়া, টিকিট উপহার হিসেবে দেওয়ার মতো একাধিক ঘটনা সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে অনুরোধ করছেন ছবিটি দেখার। বেশিরভাগই নিজেদের রিভিউতে লিখেছেন, দেশের তরুণ প্রজন্মর উচিত কাশ্মীর ফাইলস দেখা। যাতে ভারতের ইতিহাস জানতে পারে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত