এমআইবির ডিজিটাল ম্যাপে ৩৭২৩টি পোশাক কারখানা

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:৩৩ পিএম

ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) ডিজিটাল ম্যাপে আরও ৯৩টি রপ্তানিমুখী পোশাক কারখানার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ পর্যন্ত ম্যাপড ইন বাংলাদেশ দেশের ৩ হাজার ৭২৩টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার তথ্য তাদের ডিজিটাল ম্যাপের আওতায় আনতে পেরেছে। দেশ জুড়ে কারখানা শুমারির মাধ্যমে চলতি মাস নাগাদ এসব কারখানার তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্ত করা হয়। এমআইবির তথ্যানুযায়ী, দেশের রপ্তানিমুখী পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের ৫৭ দশমিক ৯ শতাংশ নারী।

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোকে ডেটাবেইজে আনতে ‘ম্যাপড ইন বাংলাদেশ’ নামের পাঁচ বছরমেয়াদি প্রকল্পটির বাস্তবায়নের কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি), যা ব্র্যাকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এমআইবির উদ্দেশ্য হলো, দৃঢ়ভাবে তথ্য যাচাইকরণ এবং তথ্যের সত্যতা সমর্থনের বিধিমালা অনুসরণ করে এই খাতের সব অংশীদারের পোশাক কারখানাগুলোর সঠিক, বিশ্বাসযোগ্য এবং হালনাগাদ করা তথ্য প্রদান করা, যাতে আরও বেশি দক্ষতা, উৎপাদনশীলতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়। প্রকল্পটি ২০২২ সালের মার্চে শেষ হবে।

ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে পোশাক কারখানার প্রাপ্ত ডেটাবেইজ দিয়ে এমআইবি বিভিন্ন গবেষণা করেছে। ইতিমধ্যে ৩ হাজার ৭২৩টি রপ্তানিমুখী পোশাক কারখানার তথ্য এমআইবি তাদের ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে পেরেছে। এমআইবি জানিয়েছে, দেশের ৩ হাজার ৭২৩টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ২৭ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন শ্রমিক কর্মরত রয়েছেন, যার মধ্যে ৪২ দশমিক ১ শতাংশ পুরুষ।

এমআইবির ডেটাবেইজের আওতায় আসা ৩ হাজার ৭২৩টি কারখানার মধ্যে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য হচ্ছে ১ হাজার ৯৫৭টি প্রতিষ্ঠান। আর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ৫১৯টি। এছাড়া ২৭৮টি রপ্তানিমুখী পোশাক কারখানা বিজিএমইএ ও বিকেএমইএ উভয় সংগঠনের সদস্য। বর্তমানে রপ্তানিমুখী ৯৬৯টি কারখানা রয়েছে, যেগুলো কোনো বাণিজ্য সংগঠনের সদস্য নয়।

এমআইবি জানিয়েছে, দেশের ৬৪ জেলায় রপ্তানিমুখী পোশাক কারখানা থাকলেও বড় অংশই রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলায়। এর মধ্যে ঢাকার সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩ হাজার ২৩৩টি কারখানা রয়েছে। চট্টগ্রামে রয়েছে ৩৮৬টি কারখানা। নারায়ণগঞ্জে রয়েছে ৪৮৮টি রপ্তানিমুখী পোশাক কারখানা। এছাড়া ঢাকা জেলার বাইপাইলে ৪৪৯টি, সাভারে ১৩৪টি, মিরপুরে ২৬০টি, গাজীপুরের টঙ্গীতে ৪০২টি, মোগরখাল এলাকায় ১৭৬টি, কাশিমপুর-কোনাবাড়ী ১৬০টি এবং এর বাইরে শ্রীপুর ও ভালুকায় উল্লেখযোগ্যসংখ্যক রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে।

সিইডির যুগ্ম পরিচালক ও এমআইবি প্রকল্পের লিড অপারেশন্স অফিসার আফসানা চৌধুরী বলেন, ‘এমআইবি তৈরি পোশাক খাত সম্পর্কিত সব প্রাথমিক প্রয়োজনীয় তথ্য যেমন কারখানার নাম, ঠিকানা, শ্রমিকের সংখ্যা, কোন ব্র্যান্ডের পোশাক উৎপাদন করে ইত্যাদি এর ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরেছে। এছাড়াও এই ম্যাপের মাধ্যমে পণ্যকেন্দ্রিক পোশাক কারখানা যেমন সেলাই, বোনা কিংবা সোয়েটার কারখানা খুঁজে নেওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত