অকালেই কি নিভে যাবে শিপার জীবন প্রদীপ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:০৭ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে টাকার অভাবে সন্তানের অপারেশন করাতে পারছেন না দরিদ্র বাবা-মা। কার্তিক শীল ও মিনু শীলের চার বছর বয়সী সন্তান শিপার ব্রেইনে টিউমার। এ নিয়েই দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন দরিদ্র এই বাবা-মা।

চিকিৎসক বলেছেন, দ্রুত অপারেশনের মাধ্যমে শিপার মাথার টিউমার অপসারণ করতে হবে। এতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। আর টাকা জোগাড় করতে না পারলে অপারেশন সম্ভব নয়। তাতে কি শিশু শিপার জীবন প্রদীপ নিভে যাবে?

কার্তিক শীল মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি সেলুনে কাজ করেন। স্ত্রী মিনু শীল বিভিন্ন বাসায় কাজ করেন। ক্ষুদ্র আয়েই চলছিল তাদের চার সদস্যের সংসার। কিন্তু বছরখানেক আগে হঠাৎ তাদের শিশু শিপা মাথাব্যথায় চিৎকার শুরু করে। তারা ভাবছিলেন সামান্য কোনো সমস্যা। স্বাভাবিক চিকিৎসায় ভালো হচ্ছিল না শিপা। পরে ময়মনসিংহ গিয়ে ডা. মহিউদ্দিন খান মুনের পরামর্শে সিটিস্ক্যান করা হলে শিপার মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে।

শিপার বাবা কার্তিক শীল বলেন, ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করাতে হবে। এতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব নয়।

গত রবিবার শিপার বাবা কার্তিক ও মা মিনু মির্জাপুর প্রেস ক্লাবে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা মেয়ের চিকিৎসার জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। শিপার জন্য সাহায্য পাঠাবার বিকাশ নম্বর ০১৭৬৬৭৫৪৯৯০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত