স্বামীকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজে

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:১২ এএম

নাসরিন বেগম ও সোহেল রানার সংসার ছয় বছরের। সম্প্রতি সোহেল দ্বিতীয় বিয়ে করেছেন। নাসরিনেরই এক মামাতো বোনকে বিয়ে করেছেন তিনি। এ খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন নাসরিন। পরিকল্পনা করেন স্বামীকে হেরোইন দিয়ে পুলিশে ধরিয়ে দেবেন। সেই অনুযায়ী তিনি বাড়িতে হেরোইন রেখে পুলিশকে খবরও দিয়েছিলেন। কিন্তু পুলিশের তদন্তে ফেঁসে গেলেন নাসরিন নিজেই। হেরোইন রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌবাজার এলাকার বাড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা নাসরিনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ সোহেলকে আটক করেছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য এবং স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে স্বামী সোহেল রানাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন নাসরিন।

আরেফিন জুয়েল আরও জানান, ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে নাসরিন জানিয়েছেন, অনুমতি না নিয়ে তারই এক মামাতো বোনকে দ্বিতীয় বিয়ে করেছেন সোহেল। স্ত্রী-সন্তান রেখে স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হন তিনি। তাই স্বামীকে ফাঁসাতে বাড়িতে হেরোইন রেখে কৌশলে ডিবি পুলিশকে খবর দেন। ডিবির সদস্যরা হেরোইন উদ্ধার করে সোহেলকে আটক করেন। পরে স্থানীয় লোকজন, নাসরিন ও সোহেলকে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উন্মোচন হয়। তাই নাসরিনকে গ্রেপ্তার করা হয়। আর সোহেলকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় নাসরিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাসেম জানান, গতকাল দুপুরে নাসরিনকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত