আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০১:২৬ এএম

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে কৌশলে নিজের ঘরে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান রকির (২৫) বিরুদ্ধে। গত সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা করলে রাতেই রকিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুরে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর স্বামী পোশাকশ্রমিক। কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তারা ভাড়া থাকেন। তাদের সঙ্গে পোশাকশ্রমিক স্ত্রীকে নিয়ে সাব-লেট থাকেন রকি। তবে রকি বেকার। প্রতিদিনের মতো সোমবার সকালে গৃহবধূর স্বামী এবং রকির স্ত্রী কর্মস্থলে যান। গৃহবধূকে একা পেয়ে গ্যাসের সিলিন্ডারে সমস্যার কথা বলে নিজের কক্ষে ডেকে এনে ধর্ষণ করেন রকি। খবর পেয়ে কারখানা থেকে স্বামী আসার পর তিনি থানায় রকির বিরুদ্ধে মামলা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক ফরহাদ বিন করিম জানান, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ (গতকাল) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত