সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের (২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি) ভোটগ্রহণ শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তন কেন্দ্রে গতকাল মঙ্গলবার প্রথম দিন ২ হাজার ৮২৬ জন আইনজীবী ভোট দেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে।
আজ বুধবার দ্বিতীয় দিনে ভোটগ্রহণ হবে। এবার উচ্চ আদালতের ৮ হাজার ৬২৩ জন আইনজীবী ভোটার। আইনজীবীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দেন।
সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপিপন্থি আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন।
