চতুর্থবারের মতো করোনায় মৃত্যুশূন্য দিন

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০১:৪৬ এএম

করোনায় দেশে ৩ মাস বা ৯৬ দিন পর আবারও গতকাল মঙ্গলবার ছিল মৃত্যুশূন্য দিন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৭ জন এবং একই সঙ্গে রোগী শনাক্ত হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় এক দিনে কারও মৃত্যু হয়নি। ওই দিন নতুন রোগী ছিল ২৬২ জন এবং শনাক্ত হার ছিল ১ দশমিক ২২ শতাংশ। করোনা মহামারী শুরু হওয়ার পর এ নিয়ে চার দিন মৃত্যুশূন্য ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম মৃত্যুর ১৫ দিন পর ৩ এপ্রিল কোনো মৃত্যু হয়নি। তারপর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে রোগী ও মৃত্যু কমতে কমতে গত বছরের ২০ নভেম্বর ২০ মাস পর মৃত্যুহীন আরেকটি দিন আসে। এছাড়া ৯ ডিসেম্বর করোনায় এক দিনে কারও মৃত্যু হয়নি। ২০২০ সালের ১৮ মার্চের পর বাংলাদেশে কেবল এই চার দিন কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে গত বছরের ৯ ডিসেম্বরের পর থেকেই দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে থাকে। পাশাপাশি শনাক্ত রোগীর সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। পরে এ বছরের ফেব্রুয়ারি থেকে রোগী ও মৃত্যু নি¤œমুখী হতে থাকে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই নতুন রোগী ছিল ১৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন এবং মারা গেছে ২৯ হাজার ১১২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ২২১ জন এবং মারা গেছে ১২ হাজার ৭৯১ জন, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশ। পাশাপাশি সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে ৪৩ হাজার ৭৬১ জন এবং মারা গেছে ৮৭৯ জন, যা মোট মৃত্যুর ৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত