বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে প্রথমবারের মতো জুয়েলারি মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৯ মার্চ শনিবার পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
গতকাল বুধবার বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস আরও জানায়, মেলায় দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রর ব্যবস্থা থাকবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ টাকা। এছাড়া নানা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করছে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশে জুয়েলারি মেলার আয়োজন করেছে বাজুস। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সহায়ক ভূমিকা রাখতে এ মেলার আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, এই এক্সপো দেশীয় অলংকার শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশকে স্বর্ণ এবং স্বর্ণজাত শিল্প রপ্তানির ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে নিতে অবদান রাখবে; যা আমাদের জিডিপি হারকে সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি ও পুষ্পগুচ্ছ হলে এক্সপোতে ৭০টিরও বেশি স্টল থাকবে। মেলায় দুই লাখেরও বেশি দর্শনার্থী ও ক্রেতাসাধারণের আগমন ঘটবে বলে প্রত্যাশা করছে বাজুস। দেশের স্বর্ণ শিল্পের ইতিহাসে প্রথমবারের মত আয়োজিত এ মেলায় ক্রেতাদের জন্য বিশাল ছাড়ের ব্যবস্থা থাকছে।
