মঈন খানের রেকর্ডে ভাগ বসালেন রিজওয়ান

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০২:১৩ পিএম

টেস্ট ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই রেকর্ডে তিনি পাশে বসলেন পূর্বসূরি মঈন খানের।

১৯৯৫ সালের সেপ্টেম্বরে শিয়ালকোটের জিন্নাহ স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে অপরাজিত ১১৭ রান করেন পাকিস্তানের এই কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার।

সেই টেস্টে লঙ্কানদের দেওয়া ৩৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৪ রানে হারে স্বাগতিকেরা। তবে বিপর্যয়ের মাঝে নায়কোচিত অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলেন মঈন। দলের বাকি কেউ ৩০ ঊর্ধ্ব রান করতে পারেননি।

তবে ২৭ বছর পর মঈনের এই রেকর্ডে ভাগ বসানোর দিনে রিজওয়ানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে হার এড়িয়েছে পাকিস্তান। অজিদের দেওয়া ৫০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজমের ১৯৬ ও রিজওয়ানের অপরাজিত ১০৪ রানের সুবাদে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র করে পাকিস্তান।

বুধবার করাচি টেস্টের পঞ্চম ও শেষদিনে ২৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। এরপর ১১৫ রানের জুটি গড়েন বাবর-রিজওয়ান। তাদের এই জুটি পাকিস্তানকে এনে দেয় অনবদ্য এক ড্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত