ফেইসবুকে জয়

বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন ২০৪১ সালের মধ্যে

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:১৪ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করবই।’

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তার ফেইসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা জানান। জয় আরও লেখেন, ‘পরিবারের সবাইকে নিয়ে আমাদের হাসিখুশি দিনগুলো খুব নির্মমভাবে শেষ হয়ে যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে। তার পর থেকেই আপনারা সবাই জানেন, আমাদের পরিবারের বেঁচে যাওয়া অল্প কয়েকজন সদস্য বিশেষ করে আমার মা, বাবা আর খালা জীবনের সাথে যুদ্ধ করেছেন দীর্ঘ সময়।’ প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা জয় বলেন, ‘বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী বাংলাদেশের জন্য, মানুষের জন্য তাঁর ভাবনাগুলোর কথাই বারবার মনে পড়ছে।’

জয় বলেন, ‘এরপর বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমার নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বভার চলে আসে আমার মায়ের কাঁধে। পরিবারের সবাই আমাদের জায়গা থেকে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করে যাচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়নে।’ তিনি বলেন, ‘আমার নানা বঙ্গবন্ধুর সাথে খুব বেশি স্মৃতি আমার মনে নেই। তবে একটা মজার ঘটনা এখনো আমার মনে পড়ে। একদিন আমি অনেক জিদ ধরলাম নানার কাছে, তাঁর পাইপে আমি একবার হলেও ফুঁ দিতে চাই। আমার নাছোড়বান্দা মনোভাব দেখে নানাও একসময় বাধ্য হলেন। এরপর যা ঘটল তার জন্য আমি আসলে ঐ ছোট বয়সে প্রস্তুত ছিলাম না। ফুঁ দেওয়ার সাথে সাথেই অনবরত কাশি দিতেই থাকলাম, যেন নিশ্বাস নিতে গেলেই কাশি চলে আসছে। আর সেই অবস্থা দেখে নানী প্রচ- রেগে গেলেন দুই জনের উপর! অন্যদিকে নানার সেই চিরাচরিত মুখভরা হাসি দেখি, সে হাসি যেন তার থামছেই না।’

বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জয় লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন চিরকাল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত