জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:১৫ এএম

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্ধদ্বার এ বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে

বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী ওই বৈঠকে মহাসচিবের সঙ্গে আমীর খসরু ছাড়াও ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার উপ-প্রধান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে তো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এ ছাড়া দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে এটা তো আপনারা জানেন। এসব ব্যাপারে উনারা অবগত আছেন।’

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু মাহমুদ বলেন, ‘নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবার চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে, তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়? উনাদেরও অবজারভেশন আছে।’

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, না এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’

রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বলেও জানান আমীর খসরু। তিনি বলেন, ‘চেয়ারপারসন কেমন আছেন উনি খোঁজখবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয় তো সবাই অবগত আছেন। উনার জেলে থাকার পেছনে যে কারণ সেটা সবারই তো জানা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত